হাংরি আন্দোলন রচনাসংগ্রহ

Thursday, 25 July 2019

অরুণেশ ঘোষ-এর কবিতা

দেবীরা এখানে আসেন
-এই নদীর সঙ্গে সহবাস হয়েছে অরুণেশ?
-আমি আবিষ্কার করেছি জলের নাভিদেশ!
-কোথায় তোদের সন্তানেরা, এতো শুধু বালি আর বালি!
-অগুন্তি সন্তানকে খেয়ে ফেলেছে তাদের মা আর
বাকি কয়েকজনকে আমি
-বাহ্ এই কি বাবা-মায়ের দায়বদ্ধতা, করণীয়?
-যদি আমরা ওদের গ্রাস না করতাম, ওরা আমাদের
একদিন না একদিন কুরে কুরে খেয়ে নিতো!

নদীর বাতাস এসে ডেকে তোলে আস্তাকুর থেকে
ভোররাত্রিবেলা
দেবীরা এখানে আসেন আর আসে ঘেয়ো পাগলেরা
সস্নেহে বুলায় হাত শিশ্নে ও শ্মশ্রুতে, জলে ও জ্যোৎস্নায় মিশে
সুদূর উর্বশী
হাসে, বলে, হাজার লক্ষ-কোটি ধর্ষণ আমি
আত্মস্থ করেছি
দেবীর পাগলজাত শিশু কেঁদে ওঠে, যে-কোন এক মানবীর স্তন পেতে চায়
তখনই কাকেরা কা কা ক’রে ডেকে ওঠে, পূর্ণিমার চাঁদ অস্ত যায়!

-তুইও কী তাদেরই একজন নোস্, মিথ্যা, অসম্ভব?
-আমার জন্মের সময় মা ছিলেন শব
-তুইও কী পাগলের ঔরসজাত, মেনকা অথবা উর্বশীর?

-আমাকে কুড়িয়ে পায়, পেয়ে ঘেন্না হয় গ্রাম্য রমণীর
-তবু তো তোকে সে দিয়ে গেছে স্তন
-আজ নদী এসে বলে গেল, খুন ও ধর্ষণই করতে হবে, চল্
-চুপ কর্ মাতৃগামী, পিতৃহন্তারক…
-শান্ত হও। ঐ দেখো জলাশয়ে প্রশ্নকর্তা বক…

যে তুমি, আমাকে পাঠালে পাগলদের ধারা ধরে … লও নমস্কার
যে তুমি, একই যোনিতে জন্ম ও উপগত শিখিয়েছো … ধরো বেদনা আমার
যে তুমি, দেবীদের এনেছো ডেকে, পাগলকে ঘুমহীন স্বপ্ন দিলে ধার
যে তুমি, আমাকে স্বাধীন করলে, অনুমতি দিলে, একই নদীতে স্নান করবার
যে তুমি, সময় কিংবা সময় হীনতা, আমার ও নদীর নাও—আনত প্রণাম!


এবার রাক্ষসী
এবার রাক্ষসী এসে ভাত খাবে রাত্রির শেষ অন্ধকারে
এবার রাক্ষসী এসে খুলে রাখবে পরচুলা ,মুখোশ ও দাঁত
তাকাবে ঘুমন্ত স্বামী পুত্র কন্যাদের দিকে ,উদ্গত বমি চেপে
থুতু ফেলবে ,দেবে অভিশাপ ....
আমি তাকে ডেকে উঠবো ফিসফিস ,মদিরাক্ষী পিসি
পেচ্ছাপ করতে যাব ,একটু দাঁড়াও তো দেখি
চমকে উঠে স্তব্ধ হবে ,তুই ঘুমাস নি সারারাত ?
আকাশের একটি তারা তো চিরকাল জেগে থাকে অপেক্ষায়
রাক্ষসী ফেরে কিনা আর !
হায় ,রাক্ষস পোশাক ছেড়ে মানুষী পোশাকে সে
যে মুহূর্তে যেতে চেয়েছিল আমকে জাগ্রত দেখে ,
সে -পোশাকও বাঁ পায়ে সরিয়ে দেয়
জ্বলন্ত মোমের নগ্ন ধ্বস্ত নাভিদেশ
কাছে এসে ঝুঁকে বলে ,চল ,বাকিটুকু করে আসি শেষ ...

এবার রাক্ষসী এসে চুমু খাবে ,শুষে নেবে ,ঠোঁটে রক্ত
চোখ ভরা জলে
কালো গর্ত হয়ে যাওয়া মৃত তারকারে ।


জন্মান্ধ প্রতিনিধি
আত্মপ্রকাশে যারা লজ্জা পেয়েছে,যাদের চেতনা জুড়ে ভয়
আত্মহত্যায় যারা মুক্তি লজিজ খুঁজেছে, হতভাগ্যদের সমস্ত পরাজয়
শুষে নিয়েছে মাটি,আমার জন্ম-চিৎকারে তার ঘুমন্ত বমন!
যে নীচে থেকে জায়-সে যাপন করে এসেছে অনেক জীবন
যত কুৎসিত আজ উজ্জ্বল হয়ে উঠল, দোমড়ানো আত্মা, অর্থহারাগতি
শুক্র থেকে সরাসরি ছুটে এসেছে হারিয়ে যাওয়াদের জন্মান্ধ প্রতিনিধি

এইমাত্র দেয়াল থেকে বেরিয়ে এল যে বৃদ্ধ সকালবেলার কুয়াশায়
ফিসফিস করে বলে, বিজয়ীদের দেখেছি আমি একদিন মাতাল অবস্থায়
এসছিল পরাজিতরাও, দু-পক্ষই পালন করে গেছে আগুন ও অন্ধকার
দু-পক্ষই মেয়েদের কাছে গেছে, সেই পানশালা ও স্নানাগার


দরিদ্র মদ কিছুটা বিষণ্ণ হলে বিচারক? এসো,
আমরা পান করি এই দারিদ্র ঘোলা মদ
বিষণ্ণ হলে সঙ্গম করতে হয়,সঙ্গম
শেষ হলে মহাশূন্যে নক্ষত্রপথ আমরা
একজন আর- একজনের বিচার করি,
শাস্তি দিই, সংঘটিত অসমাপ্ত খুন
মৃতের পাশে বসে পান করি,জড়ের
পাশে আরও- এক জড়,নি:স্ব ও চুপ
নক্ষত্রপথেও প্রয়োজন হয় মদের,
প্রয়োজন অচেনা স্ত্রীলোক
'ভালোবাসার কি প্রয়োজন হয় না'-- এই
প্রশ্নে হেসে ওঠে দেবীর দুই চোখ।







Posted by মলয় রায়চৌধুরী at 06:27
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
View mobile version
Subscribe to: Post Comments (Atom)

হাংরি জেনারেশন সম্পর্কিত প্রামাণ্য গ্রন্হ

হাংরি জেনারেশন সম্পর্কিত প্রামাণ্য গ্রন্হ
Publisher : Prativash, 18A Gobinda Mandal Road, Kolkata - 2, India

The Hungryalists

The Hungryalists
Publisher : Penguin Random House

Translate

Total Pageviews

Blog Archive

  • ►  2023 (26)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (10)
    • ►  May (9)
    • ►  March (1)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2022 (28)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (12)
    • ►  September (2)
    • ►  August (6)
    • ►  May (3)
    • ►  January (1)
  • ►  2021 (4)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2020 (5)
    • ►  October (1)
    • ►  May (3)
    • ►  April (1)
  • ▼  2019 (35)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ▼  July (31)
      • মলয় রায়চৌধুরীর কবিতা
      • মলয় রায়চৌধুরীর কবিতা
      • মলয় রায়চৌধুরীর কবিতা
      • আলো মিত্র-র কবিতা
      • ত্রিদিব মিত্র-র কবিতা
      • সুবিমল বসাক-এর কবিতা
      • শম্ভু রক্ষিত-এর কবিতা
      • দেবী রায়-এর কবিতা
      • অরুণেশ ঘোষ-এর কবিতা
      • ফালগুনী রায়-এর কবিতা
      • শক্তি চট্টোপাধ্যায়-এর কবিতা
      • উৎপলকুমার বসু-র কবিতা
      • শৈলেশ্বর ঘোষ-এর কবিতা
      • সমীর রায়চৌধুরীর কবিতা
      • বিনয় মজুমদার-এর কবিতা
      • অরুণেশ ঘোষ-এর কবিতা
      • শৈলেশ্বর ঘোষ-এর কবিতা
      • বিনয় মজুমদার-এর কবিতা
      • শম্ভু রক্ষিত-এর কবিতা
      • সুভাষ ঘোষ-এর কবিতা
      • করুণানিধান মুখোপাধ্যায়-এর কবিতা
      • প্রদীপ চৌধুরীর কবিতা
      • উৎপলকুমার বসুর কবিতা
      • নিত্য মালাকার-এর কবিতা
      • সমীর রায়চৌধুরীর কবিতা
      • সুবিমল বসাক-এর কবিতা
      • রাজা সরকার-এর কবিতা
      • ফালগুনী রায়-এর কবিতা
      • অরণি বসু-র কবিতা
      • সমীরণ ঘোষ-এর কবিতা
      • বাসুদেব দাশগুপ্ত : এয়ার কণ্ডিসানড দেবতা
Simple theme. Powered by Blogger.