হাংরি আন্দোলন রচনাসংগ্রহ

Thursday, 25 July 2019

সমীর রায়চৌধুরীর কবিতা

অধুনান্তিক

যারা আস্ত রসগোল্লা একবারে মুখে পুরে দেয়
আর যারা ছোটো করে ভেঙে থেমে থেমে খায় অথবা
চারটে দিলে এক-আধখানা শেষমেষ এঁটো প্লেটে ফেলে রাখে
সেই সব আচরণের সামাজিক অবস্হান নিয়ে ভাবতে পারেন রোঁলা বার্থ
তিনি বঙ্গ-সংস্কৃতির রসগোল্লার সঙ্গে পর্তুগিজ অভিযাত্রীদের
মিষ্টান্নপ্রীতির খুঁটিনাটি সূত্রগুলি জানেন, যেভাবে রসগোল্লার সঙ্গে
ইউরিয়া বা চিনি-কেলেঙ্কারির হদিশ রাখেন স্বাধীনোত্তর সাংবাদিক-লবি
অথবা বাতাসার সঙ্গে ঈশ্বরের আরাধনার যোগসূত্র জানতেন পতঞ্জলি
রসগোল্লার সঙ্গে কমলাভোগের বা রসমুণ্ডির পার্থক্যকে
হালুইকর ও মোদক সম্প্রদায়ের জাতিগত ইতিহাসের দিক থেকে
দেখা হবে কি না সে-বিষয়ে গুরুত্বপূর্ণ বিতর্কে অনায়াসে
নিয়ে যাওয়া যেতে পারে পিছড়া-বর্গ আন্দোলনকারীদের কাছে
আর অতিমাত্রায় রসগোল্লা খাওয়ার প্রতিযোগীতার সঙ্গে
বস্তুবাদী দ্বান্দ্বিকতার সম্পর্কসূত্র একসময়ে জানতেন মাননীয় সুভাষ চক্রবর্তী
অবশ্য ভবপাগলা বলে গেছেন রসগোল্লার সঙ্গে আমেজে
গোল্লায় যাওয়ার সম্পর্ক নিছক রসবোধের যার জ্যামিতিক
সাদৃশ্য-বর্ণনা পাওয়া যাবে গোল-গল্পে বা গোল-কবিতায়

ছন্দ
প্রত্যেক বাক্যের মধ্যে কিছু শব্দ পাশ ফিরে থাকে
প্রত্যেক শব্দের মধ্যে কিছু অক্ষর থেকে যায় স্বল্প উচ্চারণে
কিছু উপসর্গ প্রত্যেক ধাতুর সম্পর্কে থেকে যায় অর্থবিহীন
বুঝ আর অবুঝের মধ্যে বোঝাপড়া রাখে কার্যসাধিকা
নীলুদের সংসারে ছোটমাসি মুখ বুজে কাজ করে যায়—
জটিলতার কাছে সোপর্দ রয়েছে
গতির অরৈখিক নকশা
অংশ-প্রীতি, ঘুম
যেভাবে বিশৃঙ্খলা ছন্দের মুখোশ ।

ষাট বছরের তেরছা ওম

ষাট বছরের জমাখরচের হিসেব রেখে
কবিতার শব্দ গা ঢাকা দিয়েছে সন্ত্রাসবাদী শিবিরে
স্রোত যেতে চায় সমুদ্রের দিকে মাছেরা যায় স্রোতের বিরুদ্ধে
মতান্তর নিয়ে পরিযায়ী স্বভাব আসে সীমান্ত পেরিয়ে
পকেটে জালনোট নিয়ে কমরেড ফুচকা খায় শহিদমিনারে
নীল পাগড়ির আড়ালে এলোচুলের বেহিসাব গোপন রাখে জনশীর্ষ
নকশালেরা করিডর গড়ে চলেছে সন্তর্পণে
সাদা পাউডার বেচছে বাড়ির কাজের মেয়ের মেজছেলেটা
ব্রেকিং নিউজে উঠে আসছে বমধামাকা আতঙ্কবাদী হামলা
নিম্নচাপে উড়ে আসা মেঘ জানে জল তার চক্রে ফিরে যাবে
উচ্চতার দখল মেনে সিয়াচিনের নির্জন বরফের বুকে তেরঙ্গা উড়ছে
বিপন্নতার অনুপাতে কবিতার কাগজের সংখ্যা বাড়ছে—
কবি ভাবছেন রবিশষ্য ভাষান্তরে সমধ্বনিমনস্কতা মেনে কর্ন
যে কী তবে নিখোঁজ স্বজনের খোঁজ সীমান্ত পেরিয়ে
সূর্যেরব ঔরসে যেভাবে মহাকাব্যে দেখা দেয় কুন্তীপুত্র কর্ণ
জ্যামিতির শর্ত নিয়ে সময়-নিরপেক্ষ শব্দের অন্তরে…
জমিজিরাত।







মলয় রায়চৌধুরী at 06:30
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version
Powered by Blogger.